রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুমন কাজী (৩৫) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমন কাজীর মৃত্যু হয়।
খবর পেয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ২টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সুমন কাজী বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলাই গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন এবং বর্তমানে উত্তর বাড্ডা এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনার খবর পেয়ে তার মামা শাহাদ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান।