শিশুদের সংস্কৃতিচর্চায় যুক্ত করে সামাজিক ব্যাধি রোধ করতে হবে: ডেপুটি স্পিকার

শিশুদের সংস্কৃতিচর্চায় যুক্ত করে সামাজিক ব্যাধি রোধ করতে হবে: ডেপুটি স্পিকার

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংস্কৃতিচর্চায় শিশুদের ছোটবেলা থেকে সম্পৃক্ত করে সামাজিক ব্যাধি রোধ করতে হবে। এর মাধ্যমে ভবিষ্যতে তারা নিজেরাই মাদকসহ নানা সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, শিশুদের মধ্যে মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা গড়ে তুলতে পারলে তারা কিশোর বয়সেই সঠিক পথে চলতে শিখবে। ফলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

শুক্রবার নেত্রকোনার কলমাকান্দার জনতা কালচারাল একাডেমির বার্ষিক পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা কেবল ভূখণ্ড বা পতাকার জন্য নয়; বরং অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ দেশ স্বাধীন হয়েছিল। তবে সেই প্রত্যাশা পূরণে এখনো অনেক পথ অতিক্রম করা বাকি রয়েছে। 

এ সময় তিনি কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে বলেন, এ উপজেলাকে অবহেলিত অবস্থা থেকে বের করে একটি মডেল এলাকায় রূপ দিতে সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। দল-মত বা ধর্ম-বর্ণ নয়, উন্নয়ন ঘটাতে হলে মানুষের মেধা ও মননই হওয়া উচিত মূল বিবেচ্য।