বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

ফাইল ছবি

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। 

এ ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলার কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক বগুড়ার শাহজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের আইজ উদ্দিনের ছেলে জাঙ্গাগীর আলম (৫৫), যাত্রী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেসপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখি বেগম (৩০) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রকেট (৩২)।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, রংপুর থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে এবং চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডে উঠে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়।

তিনি জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় রাখি বেগমকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।