গাংনীতে ৪৫০০ লিটার ডিজেল জব্দ

গাংনীতে ৪৫০০ লিটার ডিজেল জব্দ

ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় সাহেবনগর বাজার এলাকা থেকে প্রায় সাড়ে চার হাজার লিটার ডিজেলসহ একটি ট্রাংকলরি জব্দ করেছে পুলিশ। 

শুক্রবার (২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, ঝিনাইদহ ঢ-৪১-০০৪৩ নম্বরের একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে থামে এবং রিপন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে তেল নামাচ্ছিল।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরি বোঝাই ডিজেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।