রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোরস্থান মসজিদসংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে মো. নাবিল (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত নাবিল রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী দক্ষিণপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম সাগর আলী এবং মাতা দিলরুবা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে নাবিল তার বড় বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গোরস্থান মসজিদসংলগ্ন পুকুরে গোসল করতে যায়। এ সময় অন্যরা পুকুরের প্রাচীর থেকে লাফিয়ে পানিতে নামলেও সাঁতার না জানায় নাবিল ঘাটে অবস্থান করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে খুঁজতে পানিতে নামেন। জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসীর সহায়তায় ব্যাপক তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় পর পানির নিচে তাকে শনাক্ত করে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নাবিল গোসল করতে পুকুরে নামে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল, তবে কেউ বিষয়টি খেয়াল করেনি। প্রায় এক ঘণ্টা পানিতে ডুবে থাকার পর তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে মৃত্যু ঘটে।

স্থানীয়দের দাবি, পুকুরটি অত্যন্ত গভীর হওয়ায় সেখানে গোসল করতে নামা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের একা বা শুধুমাত্র বন্ধুদের সঙ্গে পুকুরে পাঠানো মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।