মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১২
ফাইল ছবি
মিয়ানমারে পাচারকালে ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার সকালে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের একটি দল বঙ্গোপসাগরের বহিনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও ডিজেল উদ্ধার করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালনো হয়। এসময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, নগদ ১৫ হাজার ৮০০ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি এবং ৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। জব্দকৃত ডিজেল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
সূত্র জানান, এছাড়াও এই বোট ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল। কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও অভিযানের কারণে এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে।