কক্সবাজারে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচী

কক্সবাজারে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচী

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারে হামের উচ্চ সংক্রমণ ঠেকাতে বিশেষ টিকাদান কর্মসূচী শুরু হচ্ছে সোমবার (৬ এপ্রিল) থেকে। জেলার চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকা পৌরসভার বৃহত্তর পাহাড়তলী, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন এবং মহেশখালী উপজেলার হোয়ানক ও বড় মহেশখালী ইউনিয়নে এ কর্মসূচী চালানো হবে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে হামের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং আক্রান্তদের বড় অংশই এসব এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এই টিকাদান কর্মসূচীর আওতায় আনা হবে। ইতোমধ্যে জেলার স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এই টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে কক্সবাজারে তিনটি ইউনিয়ন ও একটি শহুরে এলাকায় এ কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে উপস্থিত থাকতে পারেন অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন।