ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান এল-বারাদির

ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান এল-বারাদির

সংগ্রহীত ছবি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল-বারাদি পারস্য উপসাগরীয় দেশসমূহ এবং জাতিসংঘকে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আরবি ভাষায় দেওয়া এক পোস্টে তিনি এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক অভিহিত করে বলেন, এই ‘উন্মাদ’ ব্যক্তি পুরো অঞ্চলকে একটি অগ্নিকুণ্ডে পরিণত করার আগেই যেন সংশ্লিষ্ট দেশগুলো তাদের সাধ্যমতো সবকিছু করে। পৃথক এক ইংরেজি পোস্টে তিনি সরাসরি জাতিসংঘের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন, এই ধ্বংসাত্মক পরিস্থিতি থামানোর জন্য কি কিছুই করার নেই?

উল্লেখ্য, ২০০৩ সালে ইরাক আক্রমণের সময়ও মার্কিন যুক্তির বিরোধিতা করেছিলেন এই অভিজ্ঞ কূটনীতিক। বর্তমান পরিস্থিতিতে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এই ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ চরম ভয়াবহ পরিণাম ডেকে আনবে। 

এল-বারাদির মতে, তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো হুমকির সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েও যুক্তরাষ্ট্র যে আগ্রাসনের পথে হাঁটছে, তা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি। 

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এই নোবেল বিজয়ীর এমন কড়া বার্তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।