পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ
সংগৃহীত ছবি
বরগুনার পাথরঘাটায় বিষখালী ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার অধীন বিষখালী নদী সংলগ্ন বাদুড়তলা খালে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩টি অবৈধ বেহুন্দী জাল, ১২০০ কেজি সামুদ্রিক মাছ এবং একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।
মৎস্য সম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড পাথরঘাটা কন্টিনজেন্ট।