জাকার্তা বিমানবন্দরে ছাদ ধসে আতঙ্ক, প্রবল বৃষ্টিতে লাউঞ্জে ঢুকল পানি
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সুকর্ণ-হাত্তা’র টার্মিনাল ৩-নম্বর গেটের উপরের ছাদটি ভেঙে পড়েছে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টির ফলে সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।টার্মিনালটির ৭ নম্বর গেটের উপরের ছাদ ভেঙে পানি সরাসরি ডিপার্চার লাউঞ্জে ঢুকে পড়লে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ছাদের প্যানেল ভেঙে প্রবল স্রোতে পানি ভেতরে আছড়ে পড়ছে।
এসময় যাত্রীরা নিজেদের মালামাল নিয়ে তাড়াহুড়ো করে নিরাপদ স্থানে সরে যেতে থাকেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেদিন সকালে বেশ কিছু ফ্লাইটের পথ পরিবর্তন করা হয়।বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি ইউদিস্টিয়াওয়ান জানান, পানির কারণে সৃষ্ট এই বিশৃঙ্খলা প্রায় পাঁচ মিনিট স্থায়ী ছিল।
তবে বিমানবন্দরের কর্মীরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও পার্কিং এলাকার মতো গুরুত্বপূর্ণ অংশগুলো সচল রয়েছে। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক এবং ফ্লাইট চলাচলে বড় কোনো প্রভাব পড়েনি।