গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টা, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টা, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

 গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আব্দুল ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আব্দুল ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামদেব উচ্চ বিদ্যালয় ও রহমানপুর এবিডি এইচ দাখিল মাদরাসার শতশত শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশ নেন।

এতে বক্তব্য রাখেন রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম, শিক্ষার্থী মেহেরিমা আক্তার, সাগরিকা আক্তার, সৈকত আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযুক্ত আব্দুল ছাত্তারের মতো বিকৃত মানসিকতার মানুষ এই সমাজে থাকার অযোগ্য, এরা সমাজের কীট। বক্তারা অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এর আগে, গত ৬ এপ্রিল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামে বাড়ির পাশে ৩ থেকে ৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী (৫২) ওই শিশু শিক্ষার্থীকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিক স্বজনদের খবর দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করার চেষ্টা করলে ছাত্তার পাটোয়ারী দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করেন। খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। পরে শিশুটির চাচা বাদী থানায় মামলা করেন।

ওই মামলায় মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।