বগুড়ায় স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ
প্রতিকি ছবি
বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার করে স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত শিল্পী বেগম ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী মিন্টু মিয়া পলাতক রয়েছেন।
স্বজনরা জানায়, বিয়ের পর থেকেই মিন্টু মিয়া ও শিল্পী বেগমের সংসারে ঝগড়া ও বিবাদ লেগেই থাকত। মিন্টু মিয়া কোনো কাজকর্ম করতেন না। পারিবারিক এই কলহের জেরে মঙ্গলবার রাতের কোনো এক সময় স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘরের ভেতর ফেলে রেখে তিনি পালিয়ে যান। আজ দুপুরে খবর পেয়ে পুলিশ শিল্পীর শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত মিন্টুকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।