মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জে সক্রিয় একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। তিনি জানান, গত ৩১ মার্চ সন্ধ্যায় সিরাজদীখান উপজেলার নিমতলা রেলস্টেশন পার্কিং এলাকা থেকে নিরব মন্ডল (২১) নামে এক যুবকের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ সুপারের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবির-এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্ত করে। এরপর ৭ এপ্রিল পদ্মা সেতু থানার মাওয়া পুরাতন ঘাট এলাকা থেকে নাসির শেখ (২৫)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের ছনবাড়ি এলাকা থেকে সাগর খান (৩০)-কে গ্রেফতার করে একটি নম্বরবিহীন অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই মোটরসাইকেলটি গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল। একই ধারাবাহিকতায় টুটুল মৃধা (৪১)-কে গ্রেফতার করে তার কাছ থেকে লাল-কালো রঙের একটি নম্বরবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া এ মোটরসাইকেলের প্রকৃত মালিকানা শনাক্তে কাজ চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নাম্বার প্লেট ও যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল।

পুলিশ আরও জানায়, মূল আসামি নাসির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।