রংপুরে ইটভাটায় অভিযান, জরিমানা সাড়ে ১৫ লাখ টাকা
ফাইল ছবি
রংপুরে পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রমের অভিযোগে বিভিন্ন ইটভাটায় যৌথ অভিযান চালিয়ে চারটি ভাটাকে মোট সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা থেকে র্যাব-১৩, রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর-এর সমন্বয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভগবতীপুর ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে চারটি ইটভাটার মালিককে জরিমানা করা হয়। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ ও মার্কারি সমৃদ্ধ কয়লা ব্যবহার এবং প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে মো. রবিউল প্রামানিককে ৫ লাখ টাকা, মো. নাজমুল ইসলামকে ২ লাখ ৫০ হাজার টাকা, মো. সাজেদুল ইসলামকে ৪ লাখ টাকা এবং মো. রবিউল ইসলামকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান বিষয়ে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরিবেশবিধি লঙ্ঘন ও অন্যান্য অপরাধ দমনে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।