সিঙ্গাপুরে চিকিৎসায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
সিঙ্গাপুরে চিকিৎসায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি।। ছবিঃ সংগৃহীত।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, মির্জা আব্বাসকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে এবং তিনি আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম। এর আগে সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও অসুস্থ এই নেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। বর্তমানে দলের শীর্ষ এই দুই নেতাও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।