বাগেরহাটে হামের উপসর্গে চার শিশু আইসোলেশনে

বাগেরহাটে হামের উপসর্গে চার শিশু আইসোলেশনে

প্রতিকি ছবি

বাগেরহাটে হামের উপসর্গ দেখা দেওয়ায় চার শিশুকে জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ছয় মাস থেকে দেড় বছর বয়সী এই চার শিশুকে ভর্তি করা হয়। তাদের শরীরে জ্বর ও র‍্যাশসহ হামের লক্ষণ দেখা গেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, আক্রান্ত শিশুদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসা উচিত। এতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক মাসে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি হয়েছিল। তাদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে হামের সংক্রমণ বিষয়ে সচেতনতা বাড়াতে বাগেরহাট জেলাজুড়ে প্রচারাভিযান শুরু হয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

প্রচারাভিযানে থাকা জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, আল ইমরান জানান, দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।