নড়াইলে শিশুকে শ্বাসরোধে হত্যা, মা আটক
প্রতিকি ছবি
নড়াইলের সদরে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মা আরিফাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, দেড় বছর আগে উপজেলার আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে বিয়ে করেন রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মিয়া মোল্যা। সন্তান জন্মের পর আরিফা তার সন্তানকে নিয়ে শশুর বাড়িতেই থাকলেও, প্রায় ১ মাস আগে বাবার বাড়ি আলোকদিয়ায় বেড়াতে আসেন। আজ সকালে আরিফা গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে শিশু তাবাসসুমকে হত্যা করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন করে জানায়, আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু ভোরে আলোকদিয়া থেকে খবর আসে আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, আমি এখানে এসে তাবাসসুমের গলার দুইপাশে দাগ দেখতে পাই।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা আরিফকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।