বনভোজনে গিয়ে পদ্মার পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
পাবনার সুজানগরে পদ্মা নদীর চরে বনভোজনে গিয়ে পদ্মা নদীতে গোসল করার সময় স্রোতে পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই মাদরাসাছাত্রের নাম মো. লিমন হোসেন (১৪)। সে পাবনার সুজানগর থানার চর সুজানগর গ্রামের মো. কালাম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজানগর পৌর এলাকায় আবুল কাশেম আজিরন নেছা হাফিজিয়া মাদরাসা (হেফজখানা) ও এতিম খানার ১৮ জন ছাত্র তাদের শিক্ষক মো. হাবিবুর রহমান ও সিগবাতুল্লাহকে সঙ্গে নিয়ে বনভোজন করার জন্য পাবনার সুজানগর থানার সাতবাড়িয়ায় (হাজার বিঘার মাথা) পদ্মা নদীর চরে যান। সেখানে গিয়ে বনভোজনের রান্না শেষে সবাই মিলে খাওয়া-দাওয়ার আগে পদ্মা নদীতে গোসল করতে নামে। তখন লিমন স্রোতের টানে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে উপস্থিত শিক্ষক সিগবাতুল্লাহসহ সহপাঠীরা খোঁজাখুঁজি করে না পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে সংবাদ দেয়।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় বিকাল পৌনে ৪টায় লিমনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন লিমনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাদের আত্মীয়-স্বজনেরা ময়নাতদন্তে ইচ্ছুক না থাকায় তাদের অনুরোধ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।