ঝড়ে সুন্দরবনে নৌকাডুবি: এখনো হদিস মেলেনি ৪ মৌয়ালের
সংগৃহীত ছবি
সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চারজন মৌয়ালকে উদ্ধার করা হলেও আরো চারজন এখনো নিখোঁজ রয়েছেন। গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাসতে ভাসতে পরের দিন সন্ধ্যা নাগাদ সুন্দরবনের হলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে চারজনকে উদ্ধার করে বনবিভাগের লোকজন।
বন বিভাগ সূত্রে জানা যায়, ৮ জন মৌয়াল নৌকায় করে বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণে বের হন।
গত সোমবার রাতে রায়মঙ্গল নদীতে তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এ সময় হলদিবুনিয়া এলাকা থেকে চারজন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চারজন হলেন— সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুস আলী।
অন্যদিকে নিখোঁজ মৌয়ালরা হলেন— শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন ও আউব আলীর ছেলে ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। গত সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি। দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
চারজনকে উদ্ধার করা গেলেও এখনো চারজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি চলছে। এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোষ্ট গার্ড ও বিজিবিকে জানানো হয়েছে।