যোগ্যতা প্রমাণ করতে নেইমারকে দুই মাস সময় দিয়েছেন আনচেলত্তি

যোগ্যতা প্রমাণ করতে নেইমারকে দুই মাস সময় দিয়েছেন আনচেলত্তি

সংগৃহীত ছবি

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি তাকে সবশেষ দুই ম্যাচের দলে রাখেননি, যা নিয়ে জল্পনা শুরু হয়—হয়ত নেইমারের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তবে কোচ এখনো সেই সম্ভাবনা খোলা রেখেছেন।

আগামী মে মাসের মাঝামাঝি ব্রাজিল তাদের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। আনচেলত্তি জানিয়েছেন, দলে জায়গা পেতে হলে নেইমারকে আগামী দুই মাসের মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে কোচের অবস্থান স্পষ্ট—সম্পূর্ণ ফিট না হলে তাকে দলে নেওয়া হবে না। গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও ফিটনেসের ঘাটতির কারণে তিনি দলে জায়গা পাননি।

ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারের পর বোস্টনে সমর্থকদের কাছ থেকে নেইমারের নামে স্লোগান উঠেছিল। তবে সে সময় আনচেলত্তি বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের দিকেই মনোযোগ দেওয়ার কথা বলেন।

সম্প্রতি এক ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার অত্যন্ত প্রতিভাবান এবং বিশ্বকাপে দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। তিনি আরও জানান, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে মিলে তারা নেইমারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন।

হাঁটুর চোট কাটিয়ে ফিরে নেইমার ভালো খেলছেন এবং গোলও করছেন বলে উল্লেখ করেন আনচেলত্তি। তবে দলে জায়গা নিশ্চিত করতে হলে তাকে এই ধারাবাহিকতা ধরে রেখে ফিটনেস আরও উন্নত করতে হবে।