‘মেসি কখনো ফেরার কথা বলেননি’
সংগৃহীত ছবি
বার্সেলোনায় লিওনেল মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা ও গুঞ্জন। তবে এবার সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো। তার স্পষ্ট বক্তব্য, মেসি কখনোই বার্সেলোনায় ফেরার জন্য অনুরোধ করেননি।
২০২১ সালে আবেগঘন বিদায়ের পর থেকেই ভক্তরা আশা করে আসছিলেন, একদিন হয়তো আবারও ন্যু ক্যাম্পে ফিরবেন আর্জেন্টাইন সুপারস্টার।
বিশেষ করে ২০২৩ সালে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক আলোচনা হয়। কিন্তু ডেকোর দাবি, সেই সময়ের বেশির ভাগ খবরই ছিল গুজবভিত্তিক।
এক সাক্ষাৎকারে ডেকো বলেন, ‘মেসি বা তার পক্ষ থেকে কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। কেউ বলেনি যে সে ফিরতে চায় বা আবার বার্সেলোনার হয়ে খেলতে আগ্রহী।
’
তিনি আরো যোগ করেন, নির্বাচনকে ঘিরে মেসির নাম বারবার ব্যবহার করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।
বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনেও বিষয়টি বড় ইস্যু হয়ে দাঁড়ায়। সাবেক কোচ জাভি হার্নান্দেজ অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা নাকি মেসির ফেরার পথ রুদ্ধ করেছিলেন। যদিও লাপোর্তার পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়।
ডেকো মেসিকে বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে বলেন, ‘ফুটবলেও সবকিছুরই একটা সময় থাকে। আমরা চাই অনেক কিছুই চিরস্থায়ী হোক, কিন্তু বাস্তবতা ভিন্ন।’
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি এবং সেখানে তিনি বেশ সুখেই আছেন বলে মনে করেন ডেকো। তার মতে, এই মুহূর্তে মেসির ফেরার কোনো বাস্তব ভিত্তি নেই।
তবে ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে মেসির পুনর্মিলন পুরোপুরি অসম্ভব নয়।
অবসরের পর ক্লাবের সঙ্গে অন্য কোনো ভূমিকায় যুক্ত হওয়ার ইঙ্গিত আগেও দিয়েছেন তিনি। কিন্তু আপাতত ভক্তদের সেই প্রতীক্ষা আরো দীর্ঘই হতে যাচ্ছে।