হাসি-আনন্দ আর স্মৃতিচারণায় এনইউবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী

হাসি-আনন্দ আর স্মৃতিচারণায় এনইউবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী

সংগৃহীত

ক্যাম্পাসের চেনা আঙিনায় ফিরে এসে পুরোনো দিনের গল্প, হাসি আর স্মৃতিচারণায় মাতলেন এনইউবির ইংরেজি বিভাগের প্রাক্তনরা। নস্টালজিয়া আর নতুন উদ্দীপনায় ভরপুর এক মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানটি। 

শনিবার (১১ এপ্রিল, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এক ছাদের নিচে মিলিত হন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে এসে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় আর আন্তরিক আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তাদের বক্তব্যে উঠে আসে অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা। বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য ও সম্পৃক্ততার মধ্যেই প্রতিফলিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছোট পরিসরে যাত্রা শুরু করা ইংরেজি বিভাগ আজ একটি সমৃদ্ধ ও বিস্তৃত পরিমণ্ডলে পরিণত হয়েছে। এই অগ্রযাত্রায় অ্যালামনাইদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা ও অর্জন বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বড় উৎস বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে কয়েকজন অ্যালামনাই তাদের কর্মজীবনের গল্প ও বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি শেয়ার করেন। তাদের কথায় ভেসে ওঠে ক্লাসরুম, বন্ধুদের আড্ডা আর শিক্ষক-শিক্ষার্থীর স্নেহভরা সম্পর্কের ছবি—যা মুহূর্তেই তৈরি করে আবেগঘন পরিবেশ।

এর পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আবৃত্তি আর পরিবেশনায় পুরো আয়োজন পায় উৎসবের রঙ।

উপাচার্য তার বক্তব্যে বলেন, প্রিয় বিদ্যাপীঠে অ্যালামনাইদের ফিরে আসা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি ভবিষ্যতেও এই সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। শেষে বিভাগীয় প্রধান উপস্থিত অ্যালামনাইদের ধন্যবাদ জানান এবং আয়োজন সফল করতে যারা নেপথ্যে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।