গোবিন্দগঞ্জে চিনিকলের জমির দাবিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

গোবিন্দগঞ্জে চিনিকলের জমির দাবিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

প্রতিকি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুরপাড়ায় সাঁওতালদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, যুগ্ম সাধারণ সম্পাদক বিটিশ সরেন, নেত্রী শিউলী মার্ডি, লুকাস মুরমু এবং রিপন বেশরা জয়। এর মধ্যে শিউলী মার্ডি ও লুকাস মুরমু মাথা ও হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর চিনিকলের প্রায় ১ হাজার ৮৬২ একর জমির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। সম্প্রতি ফিলিমন বাস্কে ও জাফরুল ইসলামের নেতৃত্বে কমিটি দুটি ভাগে বিভক্ত হয়।

এর ধারাবাহিকতায় আজ জয়পুরপাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে কৃষিজমি সুরক্ষা আইনে বাগদা ফার্মের জমি সাঁওতাল ও বাঙালিদের ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রাফায়েল হাঁসদা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তা পণ্ড করার চেষ্টা করা হয়েছে। তিনি হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তবে জাফরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।