নাইজেরিয়ায় দুর্বৃত্তদের হামলায় ২১ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় দুর্বৃত্তদের হামলায় ২১ জনের প্রাণহানি

প্রতিকী ছবি

উত্তর নাইজেরিয়ার জামফারা রাজ্যে গ্রামবাসীরা দস্যুদের টাকা দিতে অস্বীকার করায় সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন।শনিবার এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছে স্থানীয় তিনজন ব্যক্তি।

জামফারা উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার এমন কয়েকটি রাজ্যের মধ্যে একটি, যেখানে স্থানীয়ভাবে দস্যু নামে পরিচিত অপরাধী চক্রগুলো মারাত্মক হামলা, অপহরণ ও লুটপাট চালায়। সম্প্রতি এই চক্রগুলো উত্তর-পূর্বের জিহাদিদের সঙ্গে যোগসূত্র স্থাপন করছে, যারা ১৭ বছর ধরে সশস্ত্র বিদ্রোহ চালাচ্ছে।

এটি দেশটির কর্মকর্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে।

গ্রামবাসীরা জানিয়েছে, শুক্রবার প্রায় ৮০টি মোটরসাইকেলে করে কয়েক ডজন ডাকাত বুক্কুয়ুম জেলার বুঙ্কাসাউ গ্রামে হামলা চালায় এবং বাসিন্দাদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। পুলিশের একজন মুখপাত্র বিস্তারিত কিছু না জানিয়ে এএফপি-কে ঘটনাটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় নিরাপত্তা সংকট সম্প্রতি আরও তীব্র হয়েছে এবং এতে প্রতিবেশী সাহেল অঞ্চলের অন্যান্য জঙ্গিরাও জড়িত হয়েছে, যার মধ্যে রয়েছে জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন।

যারা গত বছর নাইজেরিয়ার মাটিতে তাদের প্রথম হামলার দায় স্বীকার করেছিল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, নাইজেরিয়ায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, নাগরিকদের সুরক্ষার জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।