রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল পরিবহন শ্রমিকের
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় ট্রাকচাপায় সাজ্জাদ সাকিব (২৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ ডেমরা কোনাপড়ার আলামিন রোডে একটি বাসায় থাকতেন। তিনি পরিবহন শ্রমিক ছিলেন।
তারা বাবার নাম আব্দুস সালাম।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় লোকজন ওই পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, শনিরআখড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক সাজ্জাদকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।