পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় পানিতে পড়ে ত্বহা (৪) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ত্বহা স্থানীয় দিনমজুর বাবুল জমাদ্দারের মেয়ে। সে ওয়ার্ল্ড ভিশন পরিচালিত একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, স্কুল থেকে বাড়ি ফিরে সবার অজান্তে পাশের খালে পড়ে যায় ত্বহা। পরে তার মা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ইজিবাইকে করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পল্লব বিশ্বাস জানান, হাসপাতালে আনার সময় শিশুটির নাক-মুখ থেকে ফেনা বের হচ্ছিল।
পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) উদয় সরকার জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।