চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
সংগৃহীত ছবি
চট্টগ্রামের নগর ও জেলায় দিন দিন বাড়ছে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা। অদক্ষ চালক ও জরাজীর্ণ এসব যানবাহনের কারণে সড়কে ঝুঁকি বাড়ছে, ঘটছে দুর্ঘটনাও।
সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও কার্যকর ফল মিলছে না। অনেক গাড়ি রং করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলাচল করছে। অভিযোগ রয়েছে, একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে যথাযথ যাচাই ছাড়াই অর্থের বিনিময়ে ফিটনেস সনদ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা যায়, চট্টগ্রামে ৭৬ হাজার ৩২০টি যানবাহনের ফিটনেস সনদ নেই। এর মধ্যে নগরীতে ৪৬ হাজার ৭০৫টি এবং জেলায় ২৯ হাজার ৬১৫টি যান রয়েছে। নিবন্ধিত মোট যানবাহনের সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৩৮৯।
ফিটনেসবিহীন গাড়িগুলোর মধ্যে বাস, মিনিবাস, ট্রাক, প্রাইভেটকার, জিপ, কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা রয়েছে। অনেক গাড়ির লাইট, কাঁচ বা দরজা ভাঙা, আবার কিছু গাড়ি সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় চলছে।
বিআরটিএ চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মাসুদ আলম বলেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়ক শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকি প্রয়োজন। সঠিকভাবে ফিটনেস সনদ প্রদান করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
তবে বাস্তবতায় দেখা যাচ্ছে, নিয়মিত অভিযান সত্ত্বেও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা যাচ্ছে না। ফলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।