গাজীপুরে ২০০ টাকার জন্য খুন, তিন বছর পর আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় মাত্র ২০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এক চালককে হত্যার প্রায় তিন বছর আত্মগোপনে ছিলেন প্রধান আসামি। অবশেষে সেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পিবিআই গাজীপুর জেলা ইউনিটের পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ।
গ্রেফতার হওয়া শাওন মিয়া (৩০) গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।
পিবিআই’র পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, গত ২০২৩ সালে ১৩ মে ছোট দেওড়া এলাকায় নিজ বসতবাড়ির পাশে ভুক্তভোগী গাড়ি চালক মাসুদ রানাকে পথরোধ করে আসামি শাওন মিয়াসহ ৮/৯ জন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে মারা যান মাসুদ। এ ব্যাপারে নিহতের ছোট ভাই বাদী হয়ে জিএমপির সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, মামলা দায়েরের পর তদন্তে নামে পিবিআই। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১২ এপ্রিল চট্টগ্রামের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় অভিযান চালায় পিবিআই। সেখানে প্রায় তিন বছর আত্মগোপনে থাকাবস্থায় প্রধান আসামি শাওন মিয়াকে গ্রেফতার করা হয়। আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
আসামির জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, আসামি শাওন ভুক্তভোগী মাসুদের বাসার সামনে ভাড়া থাকতেন। মাসুদ শাওনের কাছে ২০০ টাকা পেতেন। এই টাকার জন্য মাসুদ আসামি শাওনকে গালিগালাজ করেন। এ ঘটনার জেরে মাসুদ চাকু দিয়ে শাওনের হাতে আঘাত করে। এরপর শাওন মাসুদের কাছ থেকে চাকু কেড়ে নিয়ে তার বুকের নিচে দিয়ে আঘাত করে পালিয়ে যায়।