হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
সংগৃহীত
হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকালে শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুর-এর কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’-এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বৃন্দাবন সরকারি কলেজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। নানা রঙের পোশাক, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত।
এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। পরে কালেক্টরেট প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। এ ছাড়া জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।