গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সংগৃহীত

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানের নেতৃত্বে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। কুলা-চালুনি, ঢোল, শখের হাঁড়ি, কলসি ও তালপাখাসহ বাঙালি ঐতিহ্যের নানা উপকরণ হাতে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রশাসনিক ভবন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন বিভাগ ও সংগঠন নিজেদের স্টলে বাঙালি ঐতিহ্য তুলে ধরে।

বৈশাখের ঐতিহ্য ধারণ করে সবার মাঝে চিড়া, মুড়ি, সাজ-বাতাসা, গজা ও নকুলদানা বিতরণ করা হয়। উৎসবের অংশ হিসেবে বেলা ১১টা থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপখেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।