ভালুকায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ভালুকায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সংগৃহীত ছবি

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে র‌্যালিটি প্রাণবন্ত শোভাযাত্রায় রূপ নেয়।

পরে আলোচনা সভা ও বৈশাখী মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। দিনব্যাপী এ আয়োজন ভালুকাবাসীর মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা।