সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ কারবারি আটক
প্রতিকি ছবি
কক্সবাজারের সেন্টমার্টিনে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ১টি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।