নববর্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নববর্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিকি ছবি

নববর্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গাইবান্ধার ঘাঘট নদীতে গোসলে নেমে সাদাদ আহমেদ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার ঘাঘট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর দেড়টার দিকে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সাদাদ।

নিহত সাদাদ রাজশাহীর তেরোখাদিয়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাসায় থাকত। সাদাদ এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাদাদ।

অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় বন্ধুদের সঙ্গে ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নদী থেকে সাদাদের মরদেহ উদ্ধার করা হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।