বর্ণিল আয়োজনে দিনাজপুরে পহেলা বৈশাখ উদযাপন
সংগৃহীত ছবি
দিনাজপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে সর্বস্তরের মানুষ। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনে ছিল উৎসবের আমেজ।
মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোর-এ-শহীদ বড়মাঠের বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শাহীনুর ইসলাম।
এছাড়া দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস.এম. হাবিবুল হাসান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান রহমান, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক ও আখতারুজ্জামান জুয়েল, যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
এদিকে দিনাজপুর শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়।
দিনাজপুর গোর-এ-শহীদ বড়মাঠে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী এবং পান্তা-ইলিশসহ নানা বাঙালি খাবারের সমাহার দেখা যায়। রাস্তাঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। নারী-পুরুষ ও শিশুদের পরনে ছিল লাল-সাদা ঐতিহ্যবাহী পোশাক।
পহেলা বৈশাখ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিলেন জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।