ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি :প্রতিনিধি

আল আমিন (সাতক্ষীরা প্রতিনিধি): সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা পহেলা বৈশাখের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে এ খেলা শুরু হয়। ফাইনাল খেলায় পাইরাডিঙ্গা ক্রিকেট একাদশ ও মনির ক্রিকেট একাদশ চুপড়িয়া অংশগ্রহণ করে। নির্ধারিত ১৭ ওভারে পাইরাডিঙ্গা ক্রিকেট একাদশ ১৪০ রান সংগ্রহ করে। জবাবে মনির ক্রিকেট একাদশ চুপড়িয়া ১১৯ রানে অলআউট হয়ে যায়। ফলে পাইরাডিঙ্গা ক্রিকেট একাদশ  ২০ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল বাসার। ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্বাস আলী বিশ্বাস,মোঃ ফজলু রহমান, যুব জামায়াতের সভাপতি মোঃ ফারুক হোসেন,সাংবাদিক আল আমিন, এস এম আব্দুল্লাহ প্রমুখ।

 

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এমন ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারুণ্য স্পোর্টিং ক্লাব, ঝাউডাঙ্গা এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়।