রাজশাহীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪১৪৪ শিশু
সংগৃহীত ছবি
রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। মহানগরীতে মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এ তথ্য জানান।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নগরীর ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে দুজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে একজন টিকাদানকারী ও একজন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
তিনি আরও বলেন, হাম প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করেছে।
হাম প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি, সবার সহযোগিতায় রাজশাহী নগরীতে হাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এ জন্য প্রতিটি পরিবারের অভিভাবকদেরও সতর্ক হতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়া হবে।
পূর্বে টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগ হলেও এই বয়সের সব শিশুকে এই ক্যাম্পেইনে সময় এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের ( VAXEPI) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
এতে আরো জানানো হয়, অনলাইন রেজিস্ট্রশনের ছাড়াও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত শিশুদের বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ পড়া ছাত্র-ছাত্রী নিকটবর্তী যেকোন স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। টিকা গ্রহণকারী সব উদ্দিষ্ট শিশু/ ছাত্র-ছাত্রী VAXEPI অ্যাপ থেকে টিকার সনদ ডাউনলোড করতে পারবেন।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম। এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডা. মো. রেজাউর রহমান মিল্টনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।