দেলদুয়ারে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দেলদুয়ারে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ছিলিমপুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে ছিলিমপুর বাজার প্রাঙ্গণে ছিলিমপুর ইউনিয়ন এলাকাবাসী ও বাজার বণিক সমিতি এ কর্মসূচি আয়োজন করে।

বিক্ষুব্ধরা জানান, গত ৯ এপ্রিল রাত ৮টার দিকে বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে সাইফুল ইসলামকে আহত করে পালিয়ে যায়। পরে নিকটবর্তী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এখনও তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

বিক্ষোভে অংশগ্রহণকারীদের দাবি, ভূমিদস্যু, মাদককারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ওপর এ হামলা করা হয়েছে। দ্রুত এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন, টাঙ্গাইল সদর থানা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ডাক্তার মো. শহিদুল ইসলাম, বাজার বণিক সমিতির সহ-সভাপতি ইব্রাহিম খলিল, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগ হোসেন, বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো. আজাহারুল ইসলাম মল্লিকসহ বাজার বণিক সমিতির সদস্যরা।