ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত
প্রতিকি ছবি
কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে নাফ নদ সংলগ্ন মিয়ানমারের চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এতে মোহাম্মদ ইউনুস (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। ইউনুস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প–১৯ এর ডি-২ ব্লকের সাবলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের ভেতরে মাছ ধরতে গেলে সেখানে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। এতে ইউনুস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ক্যাম্পের কোনো রোহিঙ্গার সীমান্তে যাওয়ার কথা নয়। কিন্তু বিভিন্ন অজুহাতে, মাছ ধরা বা কৃষিকাজের কথা বলে তারা সীমান্তের ওপারে চলে যায় এবং এ ধরনের দুর্ঘটনার শিকার হয়।
তিনি আরও জানান, রোহিঙ্গাদের সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সবাইকে সচেতনতা বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।