হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর প্রায় আধা ঘণ্টা আগে দেড় বছর বয়সী ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত শিশুটি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা মো. রনির মেয়ে লামিয়া খাতুন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাম আইসোলেশন কর্নারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রেফার্ড করা হয়। তবে নেওয়ার আগেই সদর হাসপাতালেই তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. মসফিকুর রহমান জানান, শিশুটির শরীরে জ্বর, তীব্র শ্বাসকষ্ট এবং বিভিন্ন স্থানে ফুসকুড়ির মতো দাগ ছিল, যা হামের উপসর্গ হিসেবে দেখা যায়।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে এ ধরনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সাতজনের।

গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র পেয়েছেন পাঁচজন। বর্তমানে সেখানে ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।