সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১
প্রতিকি ছবি
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামক একব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানা সূত্র জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটায় সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯নং গেইটে উপস্থিত লোকজন জালনোটসহ একব্যক্তিকে আটক করে রেখেছে বলে খবর পাওয়া যায়। এই সংবাদের প্রেক্ষিতে কোতয়ালী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক আলী আজগর সিকদারকে হেফাজতে নেয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
থানা সূত্র আরও জানায়, প্রাথমিকভাবে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।