ধার্মিক জীবনে ফিরলেন শিল্পী মাজহারুল ইসলাম
ধার্মিক জীবনে ফিরলেন শিল্পী মাজহারুল ইসলাম।। ছবিঃ সংগৃহীত।
নৃত্যশিল্পী মাজহারুল ইসলাম কাঞ্চন। ছিলেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী। রাজধানীর বড় মঞ্চ নৃত্যের ছন্দে একসময় মাতিয়ে রাখতেন। দেশে-বিদেশেও মঞ্চ কাপিয়েছেন তার নৃত্য দিয়ে। কাজ করেছেন অসংখ্য সিনেমায়। দীর্ঘদিনের ক্যারিয়রের সমাপ্তি টেনে প্রতিভাবান এই শিল্পী এখন পুরো ধার্মিক জীবন যাপন করছেন। রাজধানী ছেড়ে কিশোরগঞ্জের নিভৃত পল্লীতে বসবাস করছেন তিনি।
শৈশবে কিশোরগঞ্জে বেড়ে ওঠা এই শিল্পী ২০০৫ সালের দিকে রাজধানীতে এসে লিখন রায়-নাদিয়া জুটির সঙ্গে কাজ শুরু করেন। দেশ-বিদেশে নাচের প্রশিক্ষণ নেন। এরপর বিটিভির তালিকাভুক্ত হন।
বছর চারেক আগে সব কিছু ছেড়ে দিয়ে চলে যান নিজ গ্রামে। জীবনযাপন শুরু করেন ধর্মীয় রিতি অনুযায়ী। আর জীবনের ব্যয় মিটাতে ছোট একটা ব্যবসা করছেন এলাকাতেই।
মাজহারুল ইসলাম কাঞ্চন বলেন, ‘এখন নৃত্য জগতের সব কিছু ছেড়ে দিয়ে নামাজ-রোজা নিয়ে ব্যস্ত আছি। থাকছি নিজ গ্রাম কিশোরগঞ্জের পশ্চিম হারুয়ায়। গ্রামের কাছেই ঐতিহাসিক পাগলা মসজিদে পাাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। জীবন যাপনের জন্য ছোট একটা ব্যবসা করছি।’
তিনি বলেন, ‘এখন আর নৃত্য জগতে ফিরতে চাই না। আগের চেয়ে অনেক ভালো আছি। সবার কাছে দোওয়া চাই, আল্লাহ যেন ঈমানের সঙ্গে আমাকে মৃত্যু পর্যন্ত থাকার সুযোগ করে দেন।’
‘কোনো অভিমান থেকে জীবনের পরিবর্তন করিনি। একটি বোধ ও অনুভূতি থেকে জীবন পরিবর্তন করার চেষ্টা করছি’, যোগ করেন মাজহারুল ইসলাম কাঞ্চন।