জাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ‘ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির যাত্রা শুরু
সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক সহায়তার লক্ষ্যে ‘ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি’ (ডিআইএস) এর জাবি শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে সংগঠনটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মানুষের দৈহিক সক্ষমতা তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলেও আত্মা ও নৈতিকতার শক্তিই মানুষকে প্রকৃত উচ্চস্তরে পৌঁছে দেয়। তিনি বলেন, “শারীরিক সক্ষমতা অনেক সময় চিন্তায় বিচ্যুতি ঘটাতে পারে, কিন্তু যারা শারীরিকভাবে বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন, তাদের উপলব্ধি ও চিন্তার জায়গা অনেক বেশি অগ্রসর হতে পারে। একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়।”
বিশ্ববিদ্যালয়কে আরও বেশি প্রতিবন্ধীবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানের মতো প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ক্যাম্পাসে বাধামুক্ত ফুটপাথ ও বিশেষ রাস্তা তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ব্রেইল পদ্ধতিতে পবিত্র কুরআন পাঠের বিশেষ কোর্স চালু করা হয়। এছাড়া অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, স্মার্টফোন ও সাদা ছড়ি বিতরণ করা হয় এবং সংগঠনের স্বেচ্ছাসেবকদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ডিআইএস-এর সভাপতি এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব, অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক। এছাড়া জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসানসহ জাকসু’র অন্যান্য নেতৃবৃন্দ এবং পিডিএফ ও ডিআইএস-এর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।