যে কারণে জার্মানিতে হঠাৎ শত শত ফ্লাইট বাতিল

যে কারণে জার্মানিতে হঠাৎ শত শত ফ্লাইট বাতিল

ছবিঃ সংগৃহীত।

জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসার কর্মীদের চলমান ধর্মঘটের জেরে দেশটির আকাশপথে চলাচলে বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে।টানা চার দিন ধরে চলা এই কর্মবিরতির ফলে শত শত ফ্লাইট বাতিল হয়েছে, যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলোতে কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটেছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, লুফথানসার ফ্লাইট ক্রুরা ধর্মঘট চালিয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটিতে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। ধর্মঘটটি টানা চতুর্থ দিনে গড়িয়েছে।

পাইলট ও কেবিন ক্রুরা একসঙ্গে কর্মবিরতিতে যাওয়ায় লুফথানসা, লুফথানসা কার্গো এবং তাদের আঞ্চলিক সহযোগী প্রতিষ্ঠান সিটিলাইনের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে অপারেটর ফ্রাপোর্ট জানিয়েছে, নির্ধারিত এক হাজার ৩১৩টি উড্ডয়ন ও অবতরণের মধ্যে ৬৫৬টি বাতিল হয়েছে। এই হিসাব সব এয়ারলাইনের জন্য প্রযোজ্য হলেও অধিকাংশ বাতিল ফ্লাইট লুফথানসার সঙ্গে সংশ্লিষ্ট।

এর আগে বুধবার লুফথানসা ও পাইলটদের সংগঠন ‘ফেরাইনিগুং ককপিট’-এর মধ্যে মধ্যস্থতা বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও সমঝোতা না হওয়ায় বিরোধ নিরসনের চেষ্টা স্থবির হয়ে পড়ে।

এই ধর্মঘট লুফথানসার ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকেও ছাপিয়ে গেছে।

লো-কস্ট এয়ারলাইন ইউরোউইংসে ধর্মঘট কেবল বৃহস্পতিবারের জন্য নির্ধারিত ছিল। তবে লুফথানসা গ্রুপের অন্যান্য এয়ারলাইনে বিঘ্ন শুক্রবার পর্যন্ত গড়াতে পারে।

কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, ইউরোউইংস তাদের নির্ধারিত ফ্লাইটের ৭০ শতাংশের বেশি পরিচালনা করছে।

তবে তাদের বহরের একটি অংশই জার্মান ধর্মঘট আইনের আওতায় পড়েছে।

তিনি আরও জানান, জার্মানিতে নিবন্ধিত বিমানগুলোর ক্ষেত্রে তিন অঙ্কের সংখ্যক পাইলট স্বেচ্ছায় দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন।