মৃত্যুর আগের রাতে বাবা সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন: বন্যা মির্জা

মৃত্যুর আগের রাতে বাবা সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন: বন্যা মির্জা

ফাইল ফটো

গেল বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনয়শিল্পী বন্যা মির্জার বাবা। তাঁর বাবা ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বাবার মৃত্যুর দুই দিনের মাথায় ফেসবুকে একটি হৃদয়স্পর্শী খোলা চিঠি লিখেছেন এই অভিনেত্রী।

শুক্রবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘সব সন্তানই বাবাকে সৎ ও সাহসী ভাবতে ভালোবাসে, কিন্তু আমার বাবা সত্যিই তেমন ছিলেন।’ জীবনের প্রতি কোনো অভিযোগ না থাকা এই মানুষটি সব সময় চেয়েছেন সন্তানেরা তাঁর কাছাকাছি থাকুক।

বাবার কর্মজীবনের প্রসঙ্গে টেনে অভিনেত্রী জানান, দায়িত্ববোধে কখনও অবহেলা ছিল না। সময়মতো অফিসে যাওয়া, কঠিন পরিস্থিতিতেও হাসিমুখে থাকাই ছিল তাঁর জীবনের এক মাত্র লক্ষ্য। অবসর জীবনে ওপেন হার্ট সার্জারির মতো কঠিন সময় পার করেও তিনি ভেঙে পড়েননি।

তবে সবচেয়ে নাড়িয়ে দেওয়া অংশটি ছিল তাঁর বাবার শেষ রাতের স্মৃতি। বন্যা মির্জা লেখেন, ‘মৃত্যুর আগের রাতে বাবা ভিডিও কলে সন্তানদের সঙ্গে কথা বলেন এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরদিন সকালেই তিনি চলে যান না–ফেরার দেশে! যেন বিদায়ের আগে শেষবারের মতো সব হিসাব চুকিয়ে নিলেন!’

সবশেষে বন্যা মির্জা বাবার জন্য দোয়া চেয়েছেন। বন্যা লিখেছেন, ‘আমার বাবার জন্য আপনাদের দোয়া প্রার্থনা করি। কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যদি আমার বাবার কারণে দুঃখ পেয়ে থাকেন তো তাকে ক্ষমা করবেন, এই আশা করি।’

জানা গেছে, আগামী ১৮ তারিখ বাদ যোহর মনসুরাবাদ জামে মসজিদে অভিনেত্রীর বাবার জানাজা অনুষ্ঠিত হবে। 

মৃত্যুর সময় বন্যা মির্জা ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। খবর পেয়ে দ্রুত দেশে ফিরে আসেন তিনি।