পাকিস্তানে ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর শ্রমিককে জীবিত উদ্ধার

পাকিস্তানে ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর শ্রমিককে জীবিত উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মর্দন জেলার রুস্তম তহশিলে খনিতে বিস্ফোরণ ও ভূমিধসের ১৭ দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২।

গত ৩১ মার্চ রুস্তমের নাঙ্গাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি খনিতে পাথর উত্তোলনের সময় ওপর থেকে বিশাল আকৃতির পাথরধস শুরু হয়। এতে খনিতে কর্মরত শ্রমিকরা পাথরের নিচে চাপা পড়েন। ওই ঘটনায় এখন পর্যন্ত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এক ভিডিও বার্তায় রেসকিউ ১১২২-এর কর্মকর্তা সৈয়দ আব্বাস জানান, জীবিত উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব। তিনি মোহমান্দ জেলার বাসিন্দা। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় এবং উদ্ধারের পরপরই তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এর আগে আটকে পড়া বাকি সবার তথ্য পাওয়া গেলেও একজন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছিল।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) বেশ কিছু জেলায় ভূমিধস একটি নিয়মিত দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আপার দির, চিত্রাল, কোহিস্তান ও সোয়াতের পাহাড়ি অঞ্চলগুলোর খাড়া ঢাল এবং ভঙ্গুর ভূপ্রকৃতি স্থানীয় বাসিন্দাদের চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।