নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি।
নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে বাবর আজম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া বাবর আজম ওই গ্রামের শামিম মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে শিশু বাবর শোবার ঘরে খেলা করছিল। এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে বসতঘরের পেছনের একটি ছোট পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এসময় পুকুরের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।