কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : কৃষিমন্ত্রী

কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা :  কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও টেকসই ভিত্তি পাবে। তবে কৃষকরা কঠোর পরিশ্রম করেও সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ উচ্চমূল্যে কিনতে হচ্ছে কৃষকদের। এই পরিস্থিতি চলতে দেওয়া হবে না। কৃষিপণ্যের বাজারে যারা সিন্ডিকেট করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদের সহায়তায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি ও নানা সুবিধা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিমসার দেশের অন্যতম বৃহৎ সবজি বাজার। এখানে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন এবং ন্যায্য মূল্য নিশ্চিত হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।