বরিশালে ২৩ লাখ টাকার বেশি নকল সিগারেট জব্দ

বরিশালে ২৩ লাখ টাকার বেশি নকল সিগারেট জব্দ

সংগৃহীত

বরিশালে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুতকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড স্টেশন বরিশাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে বরিশাল সদর থানাধীন কাজিপাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকার একটি গোডাউন তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুতকৃত প্রায় ২৩ লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৩ লাখ ৮৬ হাজার ৬০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, এসব নকল সিগারেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে মজুত করে বাজারজাতের প্রস্তুতি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এসব পণ্য উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তর বরিশালের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, কোস্ট গার্ড সব সময় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে কাজিপাড়া এলাকায় সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক ক্ষতি রোধ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।