নাসিরনগরে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

নাসিরনগরে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামের প্রকোপ বেড়েই চলেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে ৫ থেকে ৭ মাস বয়সী শিশুদের মধ্যে উপসর্গ বেশি দেখা যাওয়ায় পরিস্থিতি খারাপ হচ্ছে।  

জানা গেছে, গত বুধবার (১৫ এপ্রিল) উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪ বছর বয়সী হুজাইফা হামের উপসর্গে আক্রান্ত হয়।

পরিবারের লোকজন তাকে ঝাড়-ফুঁক ও পানি পড়ার মাধ্যমে চিকিৎসা দেয় স্থানীয় ভাবে। অবস্থার অবনতি ঘটলে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। রাজধানী ঢাকার ডিএনসিরি হাসপাতালে আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

সে ধরমন্ডল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাওলানা আশিকুর রহমানের ছেলে। হুজাইফা স্থানীয় দারুল নেজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাবার সময় পথিমধ্যে সজীব মিয়া (৭ মাস) বয়সী শিশু মারা যায়। সজীব নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নপর চিতনা গ্রামের মোশাররফ মিয়ার ছেলে।

সজীবের চাচা শেখ শাহ আলম বলেন, আমার ভাতিজা সজীব মিয়া প্রায় ১২ দিন আগে হামে আক্রান্ত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফেরে। পরদিন পুনরায় অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৭ দিনে অন্তত ৩৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এরমধ্যে দুইজনের নমুনা পরীক্ষায় হাম পজিটিভ শনাক্ত হয়েছে। আরও ১০ জনের নমুনা পরীক্ষার ফল এখনো অপেক্ষমাণ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান, রবিবার বহির্বিভাগে ৫৭০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। আজকে প্রায় ২ শতাধিক শিশু জ্বর-সর্দির উপসর্গ নিয়ে এসেছে এবং তাদের মাঝে অনেকের মধ্যেই হামের উপসর্গ রয়েছে।  

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সাইফুল ইসলাম বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ৫ থেকে ৭ মাস বয়সী শিশুদের আক্রান্তের হার বেশি। অথচ হামের প্রথম টিকা দেওয়া হয় ৯ মাস বয়সের পর। এছাড়া অনেক শিশু প্রাথমিকভাবে সুস্থ হওয়ার পর আবারও আক্রান্ত হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব, কৃসংস্কার নির্ভর চিকিৎসা এবং বিলম্বে হাসপাতালে নেওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে নাসিরনগর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে নাসিরনগরে বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলায় ৩৯১টি কেন্দ্রে ৫২ হাজার ৩১১ শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ হাজার ৪৬৪ জন এবং ৩১৩টি কেন্দ্রে স্কুলবহির্ভূত ৪৪ হাজার ৮৪৭ শিশুকে টিকার আওতায় আনা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, নাসিরনগরে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।