সারা দেশে হামের টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

সারা দেশে হামের টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

প্রতীকী ছবি

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আজ সোমবার থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে হামের টিকা দেওয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দিনই প্রায় ১১ লাখ ২৩ হাজার ৭৫৯ জন শিশুকে টিকা দেওয়া হবে। পুরো কর্মসূচি চলবে তিন সপ্তাহ ধরে, মোট ১১ কর্মদিবস।

 

সরকারের লক্ষ্য—এই কর্মসূচির আওতায় প্রায় এক কোটি ৭০ লাখ শিশুকে হামের টিকা দেওয়া। 

সারা দেশে মোট দুই লাখ ৮২ হাজার ৫১০টি টিকাকেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম চলবে। এর মধ্যে প্রায় এক লাখ ৩০ হাজার অস্থায়ী কেন্দ্র থাকবে, যাতে গ্রামের মানুষও সহজে টিকা পায়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক ভিডিও বার্তায় অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনকে এই কর্মসূচি সফল করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল আগামী ৩ মে। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় তা ১৩ দিন এগিয়ে আনা হয়েছে।

২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে চিকিত্সা নিয়েছে এক হাজার ১৯৭ জন।

হাম নিশ্চিত হয়েছে ১৬৫ জন রোগীর। 

গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে হামের পরিস্থিতি নিয়ে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

প্রসঙ্গত, দেশে চলতি বছরের শুরু থেকে হামের প্রকোপ শুরু হলেও স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালের তথ্য সংগ্রহ করছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ হন। এ পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩২৬।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১২ হাজার ৩৯৬ জন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৬ জনের। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮১ জনের। এ ছাড়া হাম শনাক্ত হয়েছে তিন হাজার ৪৪৩ জনের। আর উপসর্গ নিয়ে চিকিত্সা নেওয়া রোগী ২৩ হাজার ৬০৬ জন।